August 16, 2026, 6:14 am

ওসমান হাদি হত্যা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

অভয়নগর প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি সরকার যদি না জানায় তাহলে আগামীকাল আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় শহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। পরবর্তীতে বন্ধ থাকা যান চলাচল শুরু হয়
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শাহবাগের জমায়েত থেকে এমন ঘোষণা দেন তিনি। জানান, দাবি না মানা হলে আগামীকাল বিকেল সোয়া পাঁচটায় আবার শাহবাগ অবরোধ হবে।

এর আগে, কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
এর আগে, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ। এদিন ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই হাসপাতাল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক চলছে।



ফেসবুক কর্নার