November 5, 2026, 3:11 pm

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ

কামরুজ্জামান, সাতক্ষীরা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। গত ৩ ও ৪ নভেম্বর ২০২৬ তারিখে কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও গাজীপুর বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ ও একটি হারকিউলিস বাইসাইকেল।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বোয়ালিয়া মোড় থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ওষুধ এবং গাজীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৪/৬ এস-এর আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুরিঘাটা এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ওষুধ ও একটি বাইসাইকেল জব্দ করেন।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



ফেসবুক কর্নার