
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, চলতি বছরের ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসাশিক্ষক সাইদুর ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় শিশুটি কান্নাকাটি করে বাড়ি থেকে বের হয়ে আসে। ঘটনার সময় শিশুটির বাবা জীবিকার প্রয়োজনে গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে ছিলেন।
মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।