November 7, 2026, 4:12 pm

ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল গার্ড

অভয়নগর প্রতিবেদক

 

নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ফলে ভবিষ্যতে তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি হতে পারে। শনিবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাহিনীর মুখপাত্র হোসেন মোহেব্বি।

তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে তা দেখাবে। সম্প্রতি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে নতুন করে হামলা হলে পাল্টা জবাব ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে থাকবে না। তবে বর্তমানে ইরানের কাছে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, তা স্পষ্ট করেননি মোহেব্বি।

প্রতিবেদন অনুযায়ী, দুই হাজার কিলোমিটার পাল্লার মধ্যে ইউরোপের গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ, আরব উপদ্বীপের পুরো এলাকা এবং মিসরের বেশির ভাগ অঞ্চল রয়েছে। চলতি বছরের মার্চে ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা মাঝ আকাশে ধ্বংস করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, ইরান মহাকাশ কর্মসূচিকে কাজে লাগিয়ে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে।



ফেসবুক কর্নার