November 7, 2026, 4:12 pm

সাগরে প্রতিদিন সক্রিয় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

 

এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও নৌপথগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের নৌবহরের এ সম্প্রসারণ যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের যুদ্ধক্ষমতাসম্পন্ন নৌবহরে বর্তমানে ৪০০টির বেশি জাহাজ ও সাবমেরিন রয়েছে, যা সংখ্যার হিসাবে মার্কিন নৌবহরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বড়।

চীনের নৌবাহিনীর তৎপরতা দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, ফিলিপাইন ও জাপানের আশপাশের জলসীমা ছাড়িয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের সক্ষমতাও বাড়িয়েছে দেশটি। গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, চীনের ৪৮তম এসকর্ট টাস্কফোর্স ৩৭৮ দিন সমুদ্রে অবস্থান করে ১ লাখ ৫০ হাজারের বেশি নটিক্যাল মাইল অতিক্রম করেছে এবং ৪২৩টি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়েছে।

এদিকে চীনের সাবমেরিন ও আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ বাড়লেও যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ কর্মসূচি নানা সমস্যায় পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে উত্তেজনার মধ্যে চীনের নৌ-তৎপরতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, আগামী ১৫ বছরে চীনা সাবমেরিন ভারত মহাসাগর, এমনকি আটলান্টিক মহাসাগরেও নিয়মিত অভিযান চালাতে পারে।



ফেসবুক কর্নার