
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির মদিনা অঞ্চলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে সামান্য আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় হতাহত বা পাইপলাইনের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে বিস্তৃত। হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এ পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে, যা বিশ্বে দৈনিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ। গত সেপ্টেম্বরে ড্রোন হামলার পর কয়েক দিন পাইপলাইনটি বন্ধ রাখতে হয়েছিল। ওই হামলার জন্য ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল সৌদি আরব।
এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা করতে সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, ইয়েমেনে সিরিয়ার কোনো সেনা মোতায়েন নেই এবং নিকট ভবিষ্যতে পাঠানোর পরিকল্পনাও নেই। তবে এর আগে এএফপিকে ইয়েমেনের কয়েকটি সূত্র জানিয়েছিল, সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা করতে সিরীয় সেনারা ইয়েমেন ও সৌদি আরবে অবস্থান করছেন।