
নিরাপত্তাঝুঁকি ও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা জানিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দফতর। তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন। দেশগুলোতে এখনো সর্বোচ্চ সতর্কতা বা ‘লেভেল-৪’ জারি রয়েছে। এর অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এসব স্থান বিপজ্জনক। তাই কোনো কারণেই সেখানে যাওয়া উচিত নয়। এ ছাড়া আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে মোট ২৩টি দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র।