
আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান। গত এপ্রিলে আর্জেন্টিনা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে দেশটির সেনাবাহিনীর বিষয়ে কিছু বলা হয়নি।
গত এপ্রিলে আর্জেন্টিনা হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার অভিযোগে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। দেশটির দাবি, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার জন্য দায়ী।
১৯৯৪ সালে বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে, ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ তেহরানের নির্দেশে হামলাটি চালিয়েছিল।