
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি উড়োজাহাজকে বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে রয়টার্স। বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অবতরণের অনুমতি না পেয়ে উড়োজাহাজটি ইরানে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।
বসরা শহরে আয়োজিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল ইরান। প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিনের অংশ নেওয়ার কথা রয়েছে। ইরাকের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি উড়োজাহাজকে অবতরণের অনুমতি দিলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারত। এ কারণেই বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানান তিনি।
গত ২৩ সেপ্টেম্বর ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর আগে সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানের ফ্লাইট চলাচল স্থগিতের নির্দেশ দেয় ইরাক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছিলেন, ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দরও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে।