
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে তদন্তের মুখে পড়তে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ইনফান্তিনোকে সাক্ষ্য দিতে আইনি তলব করার সুযোগ তৈরি হয়েছে। ফিফার কয়েকজন মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, হাউস জুডিশিয়ারি কমিটি জুলাই থেকেই ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক নিয়ে তদন্ত করছে। কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিনের নেতৃত্বে ইনফান্তিনোর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ট্রাম্পের মধ্যস্থতাকারী কার্লোস কর্ডেইরোর মাধ্যমে মায়ামির বিলাসবহুল বাড়িতে কর্মরত এক অভিবাসী গৃহকর্মীর কাজের অনুমতিপত্র জোগাড়ের অনুরোধের বিষয়টিও রয়েছে। এ সংক্রান্ত নথি তলব করা হয়েছে। তবে কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ফিফা।
ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ দেওয়া, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিশ্বকাপের শেয়ার ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়েও বিতর্কে জড়িয়েছেন ইনফান্তিনো। ট্রাম্প স্বীকার করেছিলেন, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করতে তিনি সুইসদের কাছে তদবির করেছিলেন। অন্যদিকে, জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালকে প্রধান বিনিয়োগকারী করার পরিকল্পনা সদস্য দেশগুলোর আপত্তিতে বাতিল হয়। এ ঘটনায় ক্ষমাও চাইতে হয়েছিল ফিফা সভাপতিকে।