November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ

তানভীর আজাদ, কুষ্টিয়া স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানান তিনি।
পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’ এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, কে বা কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।



ফেসবুক কর্নার