November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

ফারহানের গোল নিয়ে জামাল, ‘এটি মেসি-নেইমারের নয়’

অভয়নগর প্রতিবেদক

 

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। ম্যাচে ফারহান আলী ওয়াহিদের দারুণ গোলটি আলোচনায় এসেছে। তবে গোলটির সঙ্গে মেসি-নেইমারের তুলনা না করে ফারহানকে নিজের পরিচয়ে বড় তারকা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া। গণমাধ্যমকে তিনি বলেন, জাতীয় স্টেডিয়ামে এটি অন্যতম সেরা গোল। হামজার বাইসাইকেল কিক ও ফারহানের গোল সেরা তিনের মধ্যে থাকবে বলে মনে করেন তিনি।

জামাল বলেন, ফারহানের গোলকে মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে তাঁর মতে, ফারহানের নিজের প্রোফাইল বড় করা উচিত। এটি ফারহান আলীর গোল, অন্য কারও নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, চার গোল ও ক্লিনশিট—সব মিলিয়ে সবাই খুশি। এখন তাঁদের মনোযোগ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে। তাঁর মতে, শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তান ভালো দল।

দলের চোট পরিস্থিতি নিয়েও কথা বলেন জামাল। ডিফেন্ডার সাদউদ্দিনের চোটে অন্তত এক বছর মাঠের বাইরে থাকার আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরবর্তী ম্যাচে পুরো স্কোয়াডের প্রয়োজনীয়তার কথাও জানান। হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, তিনি অধিনায়কত্ব পাওয়ার যোগ্য এবং বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। হামজার পারফরম্যান্সে তিনি খুশি বলেও জানান সাবেক এই অধিনায়ক।



ফেসবুক কর্নার