November 12, 2026, 1:41 pm
শিরোনাম :

নিরাপত্তা শঙ্কায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

 

কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরব ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। রয়টার্সের বরাতে জানা গেছে, খেলোয়াড়দের কাছে পাঠানো চিঠিতে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্ট-পূর্ব ক্যাম্প ও মূল আসরে তাদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে।

চিঠিতে কাতারের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছে ফেডারেশন। বুধবার সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে সিদ্ধান্তটি জানানোর কথা ছিল। তবে ফিফার সিদ্ধান্তের আগে খেলোয়াড়দের এ বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে ফিফার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে ৪৮ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও আলজেরিয়া। গত আসরে কাতারেই শেষ ষোলোতে ওঠার আগের ধাপ, অর্থাৎ শেষ ৩২-এ খেলেছিল যুক্তরাষ্ট্র।



ফেসবুক কর্নার