
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে নামীয় আসামিরা হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এজাহার অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে বাগোয়ান মধ্যপাড়া গ্রামে সংসদ সদস্যের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, তাঁর বাবা আব্দুল হালিম (টম মাস্টার) ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মামলার আসামিদের বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পেট্রোল বোমা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।