
রাশিয়ার কাছে ইউক্রেনের দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এ প্রস্তাব সামনে এসেছে।
সাংবাদিকদের জেলেনস্কি জানান, মার্কিন পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে দনবাস অঞ্চল থেকে সরে যাবে কি না। তাঁর ভাষ্য অনুযায়ী, এবারই প্রথমবারের মতো এমন প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সাল থেকে দনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। ২০২২ সালে দেশটি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। দনবাসের দুটি বড় অঞ্চল দোনেৎস্ক ও লুহানেস্কের মধ্যে একটি পুরোপুরি দখলে নিয়েছে রাশিয়া; অন্যটির নিয়ন্ত্রণ নিতে লড়াই চলছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার সম্ভাব্য পরবর্তী হামলা থেকে সুরক্ষা পেতে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে ইউক্রেন। এমন নিশ্চয়তা পাওয়া গেলে বিষয়টি নিয়ে ইউক্রেনের জনগণের মতামত নেওয়া হবে। তিনি বলেন, এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাঁর নেই। জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।