শ্রমিকপক্ষের প্রস্তাবিত মজুরি বাস্তবায়ন ও রেশনিংয়ের দাবি
আনোয়ার হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।
Update Time :
Sunday, November 15, 2026
/
36 Time View
/
Share
পোশাকশিল্পের শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে শ্রমিকপক্ষের প্রস্তাবিত চার গ্রেডের মজুরি কাঠামো বাস্তবায়ন এবং অবিলম্বে শিল্পাঞ্চলভিত্তিক রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুহাম্মাদ হারুন অর রশীদ এ দাবি জানান। তিনি বলেন, প্রায় ৪০ লাখ শ্রমিকের শ্রমে দাঁড়িয়ে থাকা এ শিল্পের শ্রমিকেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে বড় অসামঞ্জস্য তৈরি হয়েছে।
হারুন অর রশীদ অষ্টম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি চারটি গ্রেডে যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান। মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া এবং বাকি ১০ শতাংশ অন্যান্য ভাতা হিসেবে নির্ধারণের প্রস্তাবও বাস্তবায়নের কথা বলেন তিনি। এ ছাড়া শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস এবং খাদ্যভাতা মজুরির বাইরে রাখার দাবি জানানো হয়।
সংগঠনের বিশেষ দাবি হিসেবে চাল, ডাল, তেল, চিনি, আটা ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সরবরাহে পরিবারকেন্দ্রিক রেশনিং চালুর কথা বলা হয়। বকেয়া বেতন ও ওভারটাইম দ্রুত পরিশোধ, অন্যায় ছাঁটাই ও হয়রানি বন্ধ, নিরাপদ কর্মপরিবেশ এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থার দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ নাজিম উদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু সুফিয়ান নোমান এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রনিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।