November 17, 2026, 12:35 am

লক্ষ্মীপুরে সুপারি মৌসুমে ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারিকে ঘিরে বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বাগান থেকে সুপারি সংগ্রহ, বাজারজাতকরণ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। রায়পুর, মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট, কামারহাট ও হায়দরগঞ্জসহ বিভিন্ন বাজারে সুপারির উল্লেখযোগ্য বেচাকেনা হচ্ছে। স্থানীয় কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে আনছেন, আর পাইকারি ব্যবসায়ীরা তা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বছর উৎপাদন কিছুটা কম হওয়ায় দামে প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় প্রতি পোন (৮০টি) সুপারির দাম ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। মান ও আকারভেদে বর্তমানে প্রতি পোন ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। সুপারি বাণিজ্যের সঙ্গে যুক্তরা জানান, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সংগ্রহ ও কেনাবেচার গুরুত্বপূর্ণ সময়। সংগৃহীত সুপারির একাংশ পানিতে ভিজিয়ে সংরক্ষণ করা হয়, অন্য অংশ শুকিয়ে বাজারজাত করা হয়। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চে ভেজানো সুপারির চাহিদা ও দাম বাড়তে থাকে। কেরোয়া ইউনিয়নের সুপারি পাইকার কামাল হোসেন জানান, মৌসুমে বিভিন্ন এলাকা থেকে সুপারি সংগ্রহ করে সংরক্ষণের পর উপযুক্ত সময়ে বিক্রি করা হয়, এতে কৃষক থেকে পাইকার পর্যন্ত অনেকেই লাভবান হন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম জানান, লক্ষ্মীপুর জেলার মোট সুপারি উৎপাদনের অর্ধেকের বেশি রায়পুরে হয়ে থাকে। সুপারির পাশাপাশি নারিকেল ও ডাব উৎপাদনও এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের মতে, এ বাজারের সঙ্গে সুপারি পাড়া শ্রমিক, পরিবহনশ্রমিক, পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও জড়িত। পরিকল্পিত সংরক্ষণব্যবস্থা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো গেলে রায়পুরের সুপারি বাণিজ্য আরও সম্প্রসারিত হতে পারে।



ফেসবুক কর্নার