November 17, 2026, 12:39 am

দেশে ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: ডা. শফিকুর রহমান

আনোয়ার হোসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

 

 

দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, “জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।” সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা উদ্বেগজনক। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ ও হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। সংসদে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে অন্যায়ের সঙ্গে আপস করবে না।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে তাঁদের অবস্থান অনড় থাকবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। সংসদে এ বিষয়ে নোটিশের জবাব না পেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



ফেসবুক কর্নার