November 17, 2026, 12:34 am

বিজয় দিবসে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত সরকারের

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি ও সাধারণ মানুষের যাতায়াত এবং পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

নিরাপত্তা জোরদারে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনের সংবর্ধনায় অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা থাকবে।

এ ছাড়া ঢাকা থেকে সাভার যাওয়ার সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন থাকবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার