
নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে এবং নবম শ্রেণি থেকে তা বাধ্যতামূলক হবে। খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ছয়-সাতটি খেলা রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি মাতৃভাষার বাইরে আরও একটি ভাষা শেখার আহ্বান জানিয়ে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগের কথা বলেন। ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে জন্মদিনে প্রিয়জনদের গাছ উপহার দেওয়ার পরামর্শও দেন তিনি।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয় শিক্ষক সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থী সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে ব্রিফিং, লাইব্রেরি পরিদর্শন ও উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।