
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে নিয়ে কারা কর্তৃপক্ষ রওনা হয়। কারা কর্তৃপক্ষের দাবি, এটি নিয়মিত বদলির অংশ; তবে তাঁর অনুসারীরা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, কারাগারে জায়গার সংকুলান থাকায় বন্দীদের নিয়মিতভাবে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। চিন্ময়কেও কোনো বিশেষ কারণ ছাড়াই রুটিনমাফিক বদলি করা হয়েছে। তবে তাঁর আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য বলেন, হঠাৎ স্থানান্তরের কারণ তাঁরা জানেন না। চিন্ময় নিরামিষ খাবার খান এবং শারীরিকভাবে অসুস্থ; তাঁর লিভারের সমস্যাও রয়েছে। নতুন কারাগারে তাঁর খাবার ও চিকিৎসার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনজীবী এটিকে ষড়যন্ত্র বলে সন্দেহ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে চিন্ময় চট্টগ্রাম কারাগারে ছিলেন। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। গত ৬ সেপ্টেম্বর অন্য দুটি মামলায় হাইকোর্ট জামিন দিলেও বাকি মামলাগুলোয় গ্রেপ্তার থাকায় তিনি মুক্তি পাননি।