November 19, 2026, 9:41 am
শিরোনাম :

ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি

অভয়নগর প্রতিবেদক

 

ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়ায় পৃথক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। এতে বাসের আসন ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘মীর এক্সপ্রেস’ বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৮১১৩) পার্কিং করা ছিল। ভোর পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন লাগে। ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের সিট ও জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে জানান। তবে বাসের মালিক মো. শফিকুল ইসলাম দাবি করেন, পুরো বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কেনার পর বর্তমানে তাঁর প্রায় ২১ লাখ টাকা ঋণ রয়েছে।

অন্যদিকে, ভোর ৫টার দিকে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। পেট্রোলজাতীয় পদার্থ দিয়ে আগুন দেওয়ায় কক্ষের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার