
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ভবনে হামলা চালিয়ে আগুন দেন। এ সময় পুলিশের গাড়ি ও থানায় জব্দ রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে থানা ভবন ও সেখানে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানার ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।