
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে হাজীগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে মিছিলে উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা আনিছুর রহমান কানু ও শরিফ আহমেদ, যুবনেতা জুলহাস চৌধুরী, মানিক, মিলন ও ফয়েজ আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তাঁরা এসব অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।
নেতৃবৃন্দ দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।