November 19, 2026, 1:02 pm
শিরোনাম :

রোহিঙ্গা গণহত্যায় ৮ লাখের বেশি মানুষ লক্ষ্যবস্তু, নিহত প্রায় ১০ হাজার

অভয়নগর প্রতিবেদক

 

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ওই অভিযানে প্রায় ১০ হাজার নারী, পুরুষ ও শিশু নিহত হন। রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইয়াসাসাওয়া এসব তথ্য তুলে ধরেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রোহিঙ্গাদের সংখ্যা ও নিহতের সংখ্যা সম্পর্কে আদালত নিশ্চিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায় পাঠকালে বিচারক ইয়াসাসাওয়া বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রোহিঙ্গাদের সংখ্যা এবং নিহতের সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। সংখ্যার দিক থেকে এ জনগোষ্ঠীকে গণহত্যা বিষয়ক সনদ (জেনোসাইড কনভেনশন) অনুযায়ী একটি তাৎপর্যপূর্ণ গোষ্ঠী হিসেবে বিবেচনা করা যায়। ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর অভিযান ও সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সেই মামলার রায় ঘোষণা উপলক্ষে ১৫ বিচারপতির আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষও রায়টি গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।



ফেসবুক কর্নার