November 20, 2026, 11:46 am
শিরোনাম :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতের কোনো একসময় কাপড়জাতীয় বস্তু ব্যবহার করে বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, ভোররাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

এদিকে, স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমাসদৃশ কিছু ছুড়ে ফেলে চলে গেনছে।’

তিনি আরও বলেন, ‘এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার