November 20, 2026, 8:06 pm

কুষ্টিয়ায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২

শেখ মহসিন কবির, ক্রাইম রিপোর্টার, কুষ্টিয়া।

 

 

কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৪০) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন একটি বস্তায় করে ভাঙারি বিক্রির জন্য রুহুলের দোকানে যান। বস্তাভর্তি ভাঙারি লোহার স্কেল মেশিনে ওজন করার পর তিনি বস্তাটি উঁচু করে মাটিতে ঢালতে গেলে ভেতর থেকে লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু পড়ে বিস্ফোরিত হয়। এতে সুমন ও ভাঙারি ব্যবসায়ী রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার