November 20, 2026, 4:51 pm

অগ্নিসন্ত্রাসীদের সর্বত্র প্রতিহত করতে হবে: মন্ত্রী জাহিদ

মোঃ বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

 

 

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রত্যেক পাড়া-মহল্লা ও অলিগলিতে অগ্নিসন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। বিরামপুরের মাটিতে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের জায়গা হবে না। অরাজকতা রোধে অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিরামপুরে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা।



ফেসবুক কর্নার