
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার মামা তাজেল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হাকিমপুর উপজেলার মৃত মইনুদ্দিন তালুকদারের ছেলে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় থাকেন। এ কারণে শিশুটি দুই বোন ও এক ভাইয়ের সঙ্গে নানাবাড়িতে থাকত। অভিযুক্ত সম্পর্কে শিশুটির মামা এবং তাঁরা একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।