November 22, 2026, 12:28 pm
শিরোনাম :
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়লার স্তূপের মাঝে অসহায় অবস্থায় অজ্ঞাত বৃদ্ধ বিশ্বমঞ্চে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের তিন শিক্ষার্থী ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে,আটক ৩ মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে জরিমানা মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার, সালথা থানার ওসিসহ পুরো টিমকে পুরস্কারের ঘোষণা হিলিতে ৮ বছরের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, মরল গরুও বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় মনিরামপুর বিএনপির তৃণমূল গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক

বিশ্বমঞ্চে যাচ্ছেন তা’মীরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

ফয়সাল আহমেদ,

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবোটিক্সের বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় সাফল্যের পর ইন্দোনেশিয়া, তুরস্ক ও ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিজ্ঞান আসরে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন আলিম দ্বিতীয় বর্ষের এ তিন শিক্ষার্থী। তাঁরা হলেন তা’মীরুল মিল্লাত বিজ্ঞান ক্লাবের (টঙ্গী শাখা) সভাপতি জুনাইদ আহমদ, তাহমিদ সিদ্দিকী ও শেখ রাবিন। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে ‘ওয়ার্ল্ড ইনভেনশন অ্যান্ড সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (ডব্লিউআইএসপিও) ২০২৬’-এর চূড়ান্ত পর্বে তাঁরা অংশ নেবেন। এ ছাড়া তুরস্কের একটি আন্তর্জাতিক বিজ্ঞান আসরে আমন্ত্রণ পেয়েছেন এবং ইতালিতেও বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে।
এর আগে ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবোটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্বে চতুর্থ স্থান অর্জন করে আলোচনায় আসে দলটি। গত ১৯ নভেম্বর রাজধানীর রাশিয়ান হাউসে ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল স্টেম অলিম্পিয়াড–বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁরা অংশ নেন। জুনাইদ আহমদ এ সুযোগকে স্বপ্নপূরণ হিসেবে দেখলেও জানান, বিমানের টিকিট, নিবন্ধন ফি এবং বিদেশে থাকা-খাওয়ার ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন। পৃষ্ঠপোষকতা পেলে দুশ্চিন্তামুক্ত হয়ে সেরাটা দিতে পারবেন বলে তিনি আশাবাদী।
শেখ রাবিন বলেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপের মধ্যে গবেষণার সময় বের করা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব বড় চ্যালেঞ্জ ছিল। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় মেধার সীমা নির্ধারণ করে না। তাহমিদ সিদ্দিকী ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বড় পরিসরে কাজ করার স্বপ্নের কথা জানান। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মঈনুল ইসলাম এ অর্জনকে পুরো মাদ্রাসা শিক্ষা অঙ্গনের জন্য গর্বের বলে উল্লেখ করে আর্থিক ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থের অভাবে যেন মেধাবীরা বঞ্চিত না হন, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিত্তশালী ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানের এগিয়ে আসা জরুরি।



ফেসবুক কর্নার