
দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত এ নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খাঁন সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তপ্ত পরিস্থিতিতে ওসি বাবলুর রহমান খাঁনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে। তাঁরা মুকসুদপুর থানার অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও কর্তব্যনিষ্ঠার এ পদক্ষেপকে পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এটি জেলার অন্যান্য পুলিশ সদস্যের মধ্যেও কর্মস্পৃহা বাড়াবে।
এ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ওসি বাবলুর রহমান খাঁন ও তাঁর নেতৃত্বাধীন সব অফিসার ও ফোর্সকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া ওসি ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০২৫ ব্যাচ।