
ইমো (imo) অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের তাড়াশ থানা পুলিশ। গত ২১ নভেম্বর বিকেলে নাটোরের লালপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালপুর থানার নাগশোষা মধ্যপাড়া গ্রামের মো. আজমত সরদারের ছেলে মো. রাজীব সরদার (২৬), নাগশোষা পশ্চিমপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. সজল আহমেদ (২৩) এবং নাগশোষা বাজারপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. শিপন আলী (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা মামলা নম্বর ০২-এর তদন্ত চলছিল। তদন্তের একপর্যায়ে অনলাইনে ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় এ তিনজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এরপর তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, ইমো অ্যাকাউন্ট হ্যাক করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় তদন্তে পাওয়া তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।