
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দলুয়া গ্রামের একটি মুরগির খামারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মকবুল হোসেন খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাঁকে চোর সন্দেহে আটক করেন। পরে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে বদরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মকবুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।