
চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামে ২০২২ সালের ২০ এপ্রিল বিকেলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতনের মৃত্যু হয়। এ ঘটনায় গত বুধবার (১৮ নভেম্বর) চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার মৃতের ভগ্নিপতি মো. শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। উচ্চ আদালতে আপিল শুনানিতে এ রায় প্রত্যাহারের দাবিতে রোববার (২২ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শাহাদাতের পরিবারের সদস্যরা। প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাতের বোন তাসলিমা বেগম। এ সময় তাঁর ভাই শাহাজাহান সর্দার, বোন রিনা বেগম, ফাহিমা বেগম, মহিমা বেগম, ভাগ্নে মো. সাগর, ভাতিজা সাহাবুদ্দিন সর্দার ও প্রতিবেশী রুহুল আমিন উপস্থিত ছিলেন।
পরিবারের দাবি, শাহাদাত হোসেন দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করছেন। তাঁদের অভিযোগ, শাহাদাতের স্ত্রী আঞ্জুমা বেগম, শ্যালক কামরুল হাসান রতন ও শ্বশুর আবুল বাসার গং বিভিন্ন মাধ্যমে তাঁর ১১ কোটি ৫২ লাখ টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে বিরোধ শুরু হলে আদালত ও থানায় মামলা হয় এবং সমঝোতা বৈঠকে শ্বশুরবাড়ির লোকজন ৪ কোটি ৭৭ লাখ টাকা দেনার কথা স্বীকার করেন বলে তাঁরা দাবি করেন। তাসলিমা বেগমের ভাষ্য, ওই টাকা নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ২০ এপ্রিল দিগধাইর গ্রামে মনিরের চায়ের দোকানের সামনে মারধরের সময় ছুরিকাঘাতে কামরুল হাসান রতনের মৃত্যু হয়।
তাসলিমা বেগম আরও দাবি করেন, যে ছুরিতে কামরুলের মৃত্যু হয়েছে, সেই ছুরি দিয়ে প্রথমে কামরুলই শাহাদাতকে আঘাত করেন এবং আত্মরক্ষার্থে প্রতিরোধ করতে গিয়ে উল্টো তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। তাঁর অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই বরকত উল্যাহ সঠিকভাবে তদন্ত না করেই প্রতিবেদন দিয়েছেন। তিনি মামলাটির অধিকতর তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান। অন্যদিকে চাঁদপুরের পাবলিক প্রসিকিউটর কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে নথিপত্র পর্যালোচনা করে রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।