November 22, 2026, 9:22 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা 

সাব্বির কাজী,  রাঙ্গাবালী, (পটুয়াখালী) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে অসময়ের বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা। টানা বৃষ্টিতে মাঠে থাকা পাকা আমন ধান ও আগাম তরমুজের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও পাকা ধান কাটার অপেক্ষায়, আবার কোথাও আগাম তরমুজের জন্য প্রস্তুত করা জমিতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ হারানোর শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। ফসলের ক্ষতি বাড়লে কোটি টাকার আর্থিক লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রাঙ্গাবালী উপজেলায় ২৮ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে ধান কর্তনের উপযোগী হয়েছে। অন্যদিকে আগাম তরমুজ চাষের জন্য ১ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এর মধ্যে ৮০ হেক্টর জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করা হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক জমিতে ধান পেকে গেছে। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছিল, আবার কোথাও ধান কেটে মাঠে রাখা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে জমিতে পানি জমে ধান কাটতে বাধা সৃষ্টি হয়েছে। অতিরিক্ত আর্দ্রতায় ধানের গুণগত মান কমে যাওয়া, ধান ঝরে পড়া ও পচন ধরার আশঙ্কাও রয়েছে।
আমন ধানের কৃষকরা বলেন, ধান পেকে গেছে। হঠাৎ বৃষ্টিতে আমরা মাঠ থেকে ধান তুলতে পারছি না। বৃষ্টির পানিতে খেত তলিয়ে গেছে। ধান কাটার মেশিনও মাঠে ঢোকাতে পারছি না। এভাবে সময়মতো ধান ঘরে তুলতে না পারলে আমাদের অনেক আর্থিক ক্ষতি হবে।
অন্যদিকে আগাম তরমুজ চাষিরাও পড়েছেন বিপাকে। বৃষ্টির পানিতে তরমুজের জন্য প্রস্তুত করা জমি ও বীজতলা তলিয়ে গেছে। এতে আগাম তরমুজের চারা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। চারা তৈরি ও জমি প্রস্তুতে ব্যয় করা অর্থ হারানোর শঙ্কায় রয়েছেন চাষিরা।
তরমুজ চাষিরা বলেন, আমরা আগাম তরমুজ চাষের জন্য মাঠ প্রস্তুত করেছি এবং চারা তৈরি করেছি। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে আমাদের মাঠ ও বীজতলা তলিয়ে গেছে। এই বীজ থেকে চারা তৈরি করতে আরও ১৫ দিন সময় লাগবে। এতে আমাদের দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, রাঙ্গাবালী উপজেলায় ২৮ হাজার ১৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে আমন ধান কর্তনের উপযোগী হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের কারণে উপজেলার কিছু স্থানে আমনের ক্ষতি হয়েছে, তবে তা তেমন উল্লেখযোগ্য নয়।
তিনি আরও বলেন, উপজেলায় আগাম তরমুজ চাষের জন্য ১ হাজার হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এর মধ্যে ৮০ হেক্টর জমি প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের কারণে অনেক তরমুজের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ খোঁজ নিয়ে জানতে পেরেছে। বিষয়টি জেলা কৃষি অফিসকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অসময়ের বৃষ্টি ও জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতি এড়াতে দ্রুত পানি নিষ্কাশন এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ, সরকারি প্রণোদনা ও সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।
কৃষকদের আশঙ্কা, প্রতিকূল আবহাওয়ার কারণে সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ শেষ পর্যন্ত পানিতে ভেসে যেতে পারে।



ফেসবুক কর্নার