শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বারমারী বাজারের পশ্চিমে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদসহ স্বাধীন ও রকিবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।