
বান্দরবানের আলীকদম উপজেলায় জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে আলীকদম সেনা জোন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আহতরা হলেন কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো। গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জুমের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি জানার পর আলীকদম সেনা জোন আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি চমেক হাসপাতালে দ্রুত ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করে। সেনা জোনের প্রতিনিধিরা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, আহত দুজনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত। তবে একজনের হাতের হাড় ভেঙে যাওয়ায় তাঁর চিকিৎসা চলমান রয়েছে। সেনা জোন জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের বিপদে সেনাবাহিনী পাশে থাকবে।