
জামালপুরে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু সংযোগ সড়ক ও আশপাশে জনবসতি না থাকায় মানুষের যাতায়াতে কোনো কাজে আসছে না। বর্তমানে সেতু দুটি স্থানীয় কৃষকদের ধান, খড় ও মরিচ শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ২০২১ সালের নভেম্বরে সেতু দুটির নির্মাণকাজ শুরু হয়। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি যান চলাচলের জন্য সেতু দুটি উন্মুক্ত করা হলেও সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।
সেতু দুটির মধ্যে একটির দৈর্ঘ্য ৯৫ মিটার, নির্মাণ ব্যয় ১৪ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৭৮৬ টাকা। অন্যটির দৈর্ঘ্য ৫০ মিটার, নির্মাণ ব্যয় ২ কোটি ৯৩ লাখ ১১ হাজার ১০৭ টাকা। স্থানীয়দের ভাষ্য, পূর্ব পাশে জামালপুর সদর পৌরসভার হাটচন্দ্রা এবং পশ্চিম পাশে মেলান্দহ উপজেলার চরপলিশা ও মধ্যেরচর এলাকা রয়েছে। সেখানে ‘নকশী পল্লী’ গড়ে তোলার পরিকল্পনা থেকে সেতু দুটি নির্মাণ করা হয়েছিল বলে তারা জানান। পরে পৌর এলাকার কম্পপুরে নকশী পল্লী স্থাপনের প্রস্তাব ওঠায় সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ থেমে যায়। ফলে সেতু দুটি এখন মূলত ফসলি জমিতে যাতায়াত ও ফসল শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। কৃষক আব্দুল করিম ও রহমত মিয়া জানান, বিপুল অর্থ ব্যয় হলেও সেতু দুটি সাধারণ মানুষের যোগাযোগে কোনো সুফল বয়ে আনেনি।
এলজিইডির মেলান্দহ উপজেলা প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, সেতু দুটি নির্মাণের বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। সেখানে নকশী পল্লী বা এ ধরনের কিছু করার পরিকল্পনা ছিল বলে শুনেছেন। সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে তিনি উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। সংযোগবিহীন সেতুর তালিকায় সেতু দুটিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে একই সময়ে ভাবকী এলাকায়ও সংযোগ সড়ক ছাড়া আরেকটি সেতু নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।