
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সন্তান মোহাম্মদ সাদাত হোসেন। গত সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় তিন বছর সহকারী কমিশনার হিসেবে কাজ করেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও জেল সুপারের দায়িত্বও পালন করেন। পরে কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় ১৫ মাস সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং ৫ আগস্টের পর প্রায় দুই মাস ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এখলাশপুর ইউনিয়নের প্রশাসক ছিলেন। সেখানে চৌমুহনীর চৌরাস্তা এলাকায় উচ্ছেদ অভিযান, মাদকবিরোধী অভিযান, অবৈধ মাটি কাটা বন্ধ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তিনি প্রশংসিত হন। ভূমিসেবা সহজীকরণ ও সাধারণ মানুষের হয়রানি কমানোয়ও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বেগমগঞ্জ থেকে বদলির পর গত মাসে তিনি বান্দরবান জেলা প্রশাসনে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগ দেন, সেখান থেকে এবার দীঘিনালায় পদায়ন পেলেন।
সাদাত হোসেনের স্ত্রীও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং গত তিন মাস ধরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদায়নে নিজ এলাকায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী আশা করছেন, নতুন কর্মস্থলে তিনি সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং দীঘিনালার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।