বন্দি চুক্তি বিনিময়ের বাইরে শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই,শিশির মনির
:মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি
Update Time :
Wednesday, November 25, 2026
/
20 Time View
/
Share
বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির। এ বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় দুই দেশ একমত হয়েছে, কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে কিংবা অন্য দেশে অপরাধ করে এ দেশে এলে, তিনি বন্দি থাকুন বা না থাকুন, সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশের কাছে হস্তান্তর করার দায়িত্ব রয়েছে। এটিই বন্দি প্রত্যর্পণ চুক্তির মূল বিধান।
তিনি বলেন, অনেকেই মনে করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে বন্দি থাকতে হবে। এ ধারণা সঠিক নয়। চুক্তির আওতায় অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায়; এজন্য তাকে কারাগারে বন্দি থাকা বাধ্যতামূলক নয়।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।
প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে শিশির মনির বলেন, ভারতীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেটকে প্রত্যর্পণ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাজির করে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।
তিনি আরও বলেন, প্রত্যর্পণের আদেশের পর ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় এই নির্ধারিত স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিন্স’ বলা হয়। নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন।
শিশির মনিরের ভাষ্য, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণ করেই প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির এই প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই। এ বিষয়ে যেসব বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বড় অংশ গুজব; আরেকটি বড় অংশ আইন সম্পর্কে না জেনে এলোমেলো মন্তব্য। যারা এসব মন্তব্য করছেন, তারা সঠিক করছেন না।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, এ্যাড মুস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।