
গোপালগঞ্জের বন্ধ থানা চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার ও স্বাভাবিক রেল যোগাযোগ পুনরায় চালুসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিতে জেলার নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে জেলার সব বন্ধ থানা পূর্ণাঙ্গভাবে চালু, বিজিবি প্রত্যাহার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্ত রাখা, রেল যোগাযোগ স্বাভাবিক করা এবং উন্নয়ন বরাদ্দ অব্যাহত রাখা। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে প্রত্যাহার, সাব-রেজিস্ট্রার অফিস খুলে দেওয়া এবং ব্যাংক লেনদেন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার ও সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে এসব দাবির পক্ষে জেলার সাম্প্রতিক সহিংসতা ও ক্ষয়ক্ষতির প্রসঙ্গও উঠে এসেছে। জেলা প্রশাসনের সংকলিত নথি অনুযায়ী, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার তথ্য উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার জন্য জেলা প্রশাসনের নথিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। জেলার কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও জানিয়েছে জেলা প্রশাসন।