
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা করে। এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের মোট নয়টি চালান প্রকল্প এলাকায় নেওয়া হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়। নিরাপদে চালান পৌঁছাতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়ে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে। এ সময় প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৬ লাখ টাকা। ২৪ নভেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সরবরাহ বন্ধ করা হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রথম ইউনিটের পরিচালনগত বিভিন্ন প্যারামিটার, টারবাইন-জেনারেটর ব্যবস্থা ও যন্ত্রপাতির কার্যকারিতা বিশ্লেষণ করা হচ্ছে। এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে। এর আগে ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছিল ইউনিটটি। রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।