
জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির সংসদের উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, কারিগরি প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নারীর ক্ষমতায়নে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতাও চান তিনি।
বৈঠকে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। শামা ওবায়েদ ইসলাম জার্মান সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আগামী বছর প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।