November 27, 2026, 7:23 am

কুষ্টিয়ার হামলার ঘটনা প্রধানমন্ত্রীকে জানাবেন আমির হামজা

অভয়নগর প্রতিবেদক

 

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে শহরে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে তাঁকে জানাবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকারোডের পাশের হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বুধবার রাতে ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমির হামজা অভিযোগ করেন, বিএনপির কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছেন। তিনি কুষ্টিয়াসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমালোচনা করেন। এ সময় শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ করায় তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা করার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, দল-মতনির্বিশেষে প্রধানমন্ত্রী সবার। তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত সমঝোতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার