
ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানতে পারে। তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে না এলে ইসরায়েলসহ অঞ্চলটির অন্যান্য দেশে ইরান পারমাণবিক হামলা চালাতে পারে। তবে ইরানের কাছে বর্তমানে পারমাণবিক অস্ত্র থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠাই যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইরানের শীর্ষ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া হবে না। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষার মতো সক্ষমতা অর্জন না করা পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।