
সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর পথ বন্ধ করতে আইন পাস করেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয়।
নতুন আইনে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হিসেবে দেশটির মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টি নির্ধারণ করা হয়েছে। এর আগে আর্জেন্টিনার বিভিন্ন সরকার সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপাত। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের পদক্ষেপ দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছিল। ২০২৩ সালে দেশটিতে মূল্যস্ফীতি ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর হাভিয়ের মিলেই সরকারি ব্যয় কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন। তাঁর সরকারের অধীনে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমলেও দারিদ্র্যের হার বেড়েছে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় দেশটিতে মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদদের একাংশ। আইনটি পাসের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটল।