
মাদারীপুর প্রতিনিধি শেখ জায়েদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার উদ্যোগে শিবচর ও মাদারীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিবচর ‘৭১ চাইনিজ রেস্টুরেন্ট’-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তৌফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার হোসাইন মৃধা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতায় আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। শিবচরকে মাদকমুক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যদি জনগণ আমাকে এমপি নির্বাচিত করে, তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে শিবচরকে সুন্দর ও আধুনিকভাবে সাজাতে চাই। দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে বলে আমি আশাবাদী। স্বাধীন মতপ্রকাশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের ভূমিকা অনস্বীকার্য।”
সভায় শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান শিকদারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং শিবচর ও মাদারীপুরের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।