
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে শনিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শোভাযাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং আসনের এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল।
শোভাযাত্রা শুরুর আগে তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার। জনগণ যদি সুযোগ দেয়, এ অঞ্চলকে সন্ত্রাস ও অনিয়মমুক্ত করে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা হবে। আমরা শাসক নই, জনগণের প্রকৃত সেবক হতে চাই।
পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ দলীয় নেতাকর্মীরা।