অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান বলেছেন, এই ১২ ফেব্রুয়ারির নির্বাচন ৫ বছরের জন্য না। এই নির্বাচন দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। এখানে হ্যাঁ ভোট অথবা না ভোটের ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান দেশে সংস্কার হোক তাহলে হ্যাঁ ভোট দিবেন। আর যদি সংস্কার না চান তাহলে না ভোট দিবেন। তবে এই সংস্কারের জন্যই জুলাই গণঅভুত্থানে মানুষ প্রাণ দিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর বড়মাঠে “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে” শীর্ষক ভোটের গাড়ীর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সাধারণ জনগন ভোট দিতে পারেনি বলেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। ভোটের হিসাব হয়নি ঠিক মতো। জনগন যাকে নির্বাচিত করতে চেয়েছি তাদেরকে নির্বাচিত হতে দেয়া হয়নি। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকেই চাইবেন নির্বাচিত করতে পারবেন। তিনি যেই দলের, যেই ধর্মের-বর্ণের গোত্রের হোক না কেন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।
উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে ক্ষমতাবান কারা। প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি বা উপদেষ্টাদের ক্ষমতা আছে। কিন্তু আমাদের থেকে আপনাদের ক্ষমতা বেশি। সেই ক্ষমতাকে দেখানোর দিনটা হচ্ছে ১২ ফেব্রুয়ারী। এই নির্বাচন কিন্তু আগের কোন নির্বাচনের মতো না। প্রত্যেকটা নির্বাচনে নির্দিষ্ট একটা দলীয় সরকার করে। কিন্তু আমাদের অন্তবর্তীকালীন সরকারের কোন দল নেই। দিনাজপুরে সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নিবিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বক্তব্য রাখেন।