বদলগাছী-মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সংসদ নির্বাচনী প্রচারণা শুরু
রফিকুল ইসলাম হিমু
Update Time :
Thursday, January 22, 2026
/
51 Time View
/
Share
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মাওলানা মো. মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব এলাকা থেকে তাঁর নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, তিনি নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জান-মাল দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শালীনভাবে নির্বাচনী প্রচারণা চালানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁন্দাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হারুন আর রশীদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।